রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় ম্যানহোলে নেমে ময়লা পরিস্কারের সময় গ্যাসে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বিন মুজাম্মেল হক জানান, ভোরে ম্যানহোলের ভেতর নেমে ময়লা পরিস্কার করছিলেন ওই যুবকসহ আরও কয়েকজন। এ সময় বদ্ধ গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। আটকে পড়ে ম্যানহোলের ভেতরই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ সেখান থেকে বের করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ম্যানহোলের ভেতর গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন ওই যুবক। তবে সঙ্গে থাকা সহকর্মীদের কাউকে ঘটনার পর আর পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।