ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: আমিনুল হক

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে। সেই ক্রীড়াঙ্গনে আর কখনোই দলীয় ও রাজনীতিকরণ হবে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ খান খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় নওগাঁ পৌর ওয়ার্ড নম্বর ৭ ও ওয়ার্ড নম্বর ৪ প্রতিদ্বন্দ্বিতা করেন। অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।