টিসিবিতে

আলুর কেজি ৪০

বাজার মূল্য নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত পণ্যের পাশাপাশি প্রতি কেজি আলু ৪০ টাকা দরে বিক্রি শুরু করেছে। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টিসিবি কার্যালয়ের সামনে ট্রাকে করে টিসিবির অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ উদ্যোগের আওতায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ৫০টি ট্রাক থেকে আলু বিক্রি করা হবে।

প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য পৌঁছানোর পাশাপাশি টিসিবির পণ্যসামপ্রী বাড়ানোর লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, সরকার আলোচনা সাপেক্ষে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অর্থ সাশ্রয় করে, বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয় সামগ্রী বৃদ্ধি এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগামী দিনগুলিতে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম আরো বৃদ্ধি করবে বলে তিনি জানিয়েছেন।

বশির বলেন, আমরা যত দ্রুত সম্ভব সরবরাহ ব্যবস্থার সমস্যাবলী সমাধানের চেষ্টা করছি। আমরা চিনি, ভোজ্যতেল এবং খেজুরের ওপর শুল্ক দ্রুততার সঙ্গে কমিয়ে দিয়েছি। সরকার ইতিমধ্যে প্রায় ২০ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে। এ ছাড়া আলু ও চাল আমদানি করা হচ্ছে। আমরা যদি বাজারে সরবরাহের দিকটি আরও সহজ করতে পারি এবং পরিমাণ বাড়াতে পারি, তবে আমি আশা করি- খুব শিগগির বাজারে দামের স্থিতিশীলতা ফিরে আসবে।

বাণিজ্য উপদেষ্টা এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পারব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রির জন্য টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন।

এদিকে টিসিবি জানিয়েছে, প্রত্যেক গ্রাহক সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। চট্টগ্রাম অঞ্চলে ২০টি ট্রাক এবং ঢাকায় ৫০টি ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করবে টিসিবি।