নগরীর সৌন্দর্যহানি করে এমন ব্যানার, ফেস্টুন, স্টিকারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে নিজের ব্যানার নিজেই ছিঁড়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগর ভবনের সম্মুখ থেকে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার ও পোস্টার নিজ হাতে ছিঁড়েন তিনি।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে নগরীর ৪১টি ওয়ার্ডে সড়ক, অলি-গলিতে যত ব্যানার, পোস্টার, ফেস্টুন রয়েছে তা দ্রুত অপসারণ করার নির্দেশনাও দেন।
যারা মেয়রের নামে ব্যানার লাগিয়েছেন তাদের উদ্দেশ্যে শাহাদাত হোসেন বলেন, আমি মেয়র নির্বাচিত হয়েছি এজন্য আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের ইমোশনকে আমি সম্মান জানাচ্ছি আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এ ভালোবাসার দাম কতটুকু আমি দিতে পারবো জানি না। কিন্তু এর প্রেক্ষিতে আপনারা যে ব্যানার-পোস্টার লাগিয়েছেন এখন থেকে সেটা খুলে ফেলবেন। আমি সাতদিন আগেও বলেছি। কিন্তু এর মধ্যে আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি ব্যানার রয়ে গেছে। পোস্টার রয়ে গেছে। ওই ব্যানার-পোস্টার সব নিয়ে নিবেন।
তিনি আরও বলেন, অন্য ব্যানার ও পোস্টার যেগুলো আছে অন্য কারো নামে সেগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন। আমি আপনাদের যেটা বলতে চাই সবাইকে সুন্দরভাবে এই শহর পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমি আমার সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে এক সপ্তাহ আগে ইন্সট্রাকশন দিয়েছি। এখন উনাকে বলছি চট্টগ্রাম শহরে যত ব্যানার পোস্টার সবগুলো সরিয়ে ফেলা হোক।