সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে গেলে শেষ। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে তার নাম সরিয়ে নিয়েছে আইসিসি। আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতের হার্দিক পান্ডিয়া। পেছনে পড়েছেন লিয়াম লিভিংস্টোন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চার ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অল-রাউন্ড পারফর্মেন্স করে দ্বিতীয়বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছেন ৩১ বছর বয়সী হার্দিক। এর আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। তার রেটিং পয়েন্ট এখন ২৪৪।
অন্যদিকে ২৩০ রেটিং পয়েন্ট নিয়ে লিভিংস্টোন নেমে গেছেন তিন নম্বরে। নেপালের দীপেন্দ্র সিং ঐরী ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬৯ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ সেঞ্চুরিসহ মোট ২৮০ রান করা ভারতের তিলক ভার্মা। তার অবস্থান এখন তিনে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুটি জায়গায় আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের ফিল সল্ট। টি–টোয়েন্টি বোলারদের শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ, দুইয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আকিল হোসেনকে সরিয়ে তিনে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।