তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের ঝাণ্ডা উড়িয়েছিলেন। খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভিশন-২০৩০ ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দিয়েছেন।
আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যবিহীন মানবিক ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে।
হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আব্দুল হাই, কাজী ফরিদ আহমেদ বাবুল, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম, মোরশেদ আলম, আলী, মাহমুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মালেক, সদস্য মির্জা শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক খালেদুজ্জামান আউলিয়া উপস্থিত ছিলেন।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতা অহেতুক অধৈর্য্য হয়ে কিছু বক্তব্য দিচ্ছেন, যা ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় অইক্যে ফাটল ধরাতে পারে। ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ শতভাগ সফল ছিল বলেই আওয়ামী লীগ বর্বর কায়দায় ভণ্ডুল করে দিতে চেয়েছে। সমাজের সকল স্তরের জনগণের উপস্থিতিতে ইতিহাসের সর্ব বৃহৎ সমাবেশ ছিল সেটি।
তিনি বলেন, পেছনের দরজা দিয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করলে ১৪, ১৮ বা ২৪ সালের নির্বাচনেই করতে পারত। বিএনপি ঘৃণাভরে আওয়ামী লীগ বা তাদের প্রভু দেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সমঝোতা করলে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েসি সাজায় বিনাবিচারে ২৫ মাস জেলে থাকতে হতো না, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পড়তে হতো না, তারেক রহমানকে নির্বাসিনে থাকতে হতো না।
তিনি বিতর্ক সৃষ্টি না করে জাতীয় ঐক্য ধরে রেখে দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নেবে। কৃষি উপকরণ ও পণ্যের ন্যায্যমূল্য ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করবে। পল্লী রেশন, ফ্যমিলি কার্ড, সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান, খাদ্য নিশ্চিত করবে এবং বেকার ভাতা দেবে।