বাংলাদেশে আসছে না পুষ্পা ২

আর কয়েক দিন বাদেই অর্থাৎ আগামী ৫ ডিসেম্বর বিশ^ব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২-দ্য রুল’। একযোগে বাংলাদেশেও ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে পাঠান, জওয়ান, অ্যানিমেল আমদানি করা নির্মাতা অনন্য মামুন।

জানালেন, তিনি ‘পুষ্পা ২’ আনবেন না। কারণ হিসেবে তিনি জানান, গেল সপ্তাহে তার পরিচালিত ‘দরদ’ মুক্তি পেয়েছে। এখন আপাতত এই সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন নির্মাতা।

অনন্য মামুন বলেন, আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। আগামী সপ্তাহে ভারতে মুুুক্তি পাবে। সেখানে

থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।

অন্যদিকে ভারতীয় ছবি আমদানি করা আরেক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও নিশ্চিত করেছেন যে তারাও ‘পুষ্পা ২-দ্য রুল’ আনছেন না। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘পুষ্পা ২-দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।

দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২-দ্য রুল’ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২-দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।