২০২৫ সালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছেন। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আবদুরাহিমান ফেসবুকে এই ঘোষণা করেছেন। তিনি দাবী করেছেন, ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি আর্জেন্টিনার পূর্ণশক্তির জাতীয় দলের অংশ হিসেবে মাঠে নামবেন।
মন্ত্রী বলেছেন, “মেসি থাকবেন, তাঁর সঙ্গে থাকবে আর্জেন্টিনার পূর্ণশক্তির দল। কেরালা স্পোর্টস ফাউন্ডেশনের ফুটবল আন্দোলন এবং কেরালা সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে এটি বাস্তবে রূপ নিয়েছে। নিরাপত্তাসহ দলের সফরের প্রতিটি দিক সরকারের তত্ত্বাবধানে থাকবে।”
তিনি আরও জানান, ডিসেম্বরে কেরালা এবং আর্জেন্টিনার কর্মকর্তারা এক যৌথ সাংবাদিক বৈঠকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এছাড়া, ফিফার কর্মকর্তারা কোচির ভেন্যু পরিদর্শন করে ম্যাচ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন।