দপ্তর পরিবর্তন তিন সচিবের ওএসডি একজন

তিন মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার। এ ছাড়া আরেক সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডিকে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পরিবর্তনের ঘোষণা আসে।

সেতু বিভাগের সচিব মো. ফাহিমুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এর আগে গত ৭ অক্টোবর সেতু বিভাগের সচিব হন ফাহিমুল ইসলাম। তার আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে এনজিওবিষয়ক ব্যুরোর নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।