ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অর্থের জোগানদাতা হিসেবে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলমসহ ১৬ জন কর্মকর্তার শাস্তির দাবিতে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব কর্মকর্তার শাস্তির দাবি করা হয়।
বক্তরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে আমরা দেখেছি, হাসান মোল্লা নামে গণপূর্তের ঠিকাদার কীভাবে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছেন। সেই হাসান মোল্লার মতো শত শত স্বৈরাচারের দোসরদের যারা অবৈধ টাকার কুমির বানিয়েছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে।
তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল পতিত সরকারের সহযোগীরা।