কুড়িগ্রামে আমীর খসরু

জাতীয় ঐকমত্যে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘৩১ দফা সংস্কার বিএনপির একার সংস্কার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন, আমরা আপনাদের সহায়তা করব। যে সংস্কারগুলোতে জাতীয় ঐকমত্য হবে অতিসত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে।’

তিনি গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলার বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এখন সংস্কার কী হবে সেটা দেখব, সহায়তা করব, কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা তাসভীর উল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান যুবায়ের হিমেলনহ অন্য বিএনপি নেতারা।