রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

আইআরআই, রিপাবলিকান পার্টির সঙ্গে সংশ্লিষ্ট থিঙ্কট্যাঙ্ক। এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

চিমা জানান, আইআরআইয়ের অগ্রাধিকার হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করা, বিশেষ করে এখন, যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে।

চিমা আরও জানান, আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে। এখানে সংস্কার সফল হতে দেখাই মার্কিন স্বার্থ।

এ সময় অধ্যাপক ড. ইউনূস তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে উল্লেখ করে বলেন, ‘নির্বাচনের ট্রেন এরই মধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে।’

ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে প্রধান উপদেষ্টা শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।

বৈঠকে আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই কান্ট্রি চিফ জোশুয়া রোসেম্বলাম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।