বাঁশখালীতে বিপুল বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ৩

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তারর করেছে চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ।

এ সময় তাদের কাছ থেকে ১২৫টি বিদেশি মদের বোতল, ৪০০টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার (২০ নভেম্বর) রা‌তে গোপনে খবর পেয়ে শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনকিরচর সড়কের ওপর এ অভিযান চালানো হয়।

এ সময় মাদক কারবারি চন্দনাইশ দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ীর জামাল আহমেদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী দাগনভূইয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের আমিন উল্লার ছেলে হেমায়েত উল্লাহ (৩৬) ও গাইবান্ধা সদর ৯ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলামকে (২৭) কে গ্রেপ্তার করা হয়। 

বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারিরা অবৈধভাবে সাগর পথে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাঁশখালী এসএস পাওয়ার প্লান্টের কয়লা জেটি ঘাটে মাইক্রোবাসে করে এনে এসব বিদেশি মদ ও বিয়ার চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করলে বিপুল মাদকসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তাররপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট মাইক্রোবাস জব্দ করা হয়।

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ গন্ডামারা সড়কে অভিযান চালিয়ে বিদেশি মদসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তারর করে আমাদের চৌকস পুলিশের একটি টিম। আসামিদের বিজ্ঞ সিরিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপোর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।