ফেনী শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায় মো. ইয়াছিন সোহাগ নামে এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে ডাকাতদল। বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ময়মনসিংহের গৌরীপুরের সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে। তিনি গত ১৫ বছর ধরে ফেনী কালিপালের ভূঞা ডেইরি ফার্মে কাজ করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। খামারের কর্মচারী সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে ডাকাতদলের দুই সদস্য তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞা ডেইরি খামারের মালিক মোহাম্মদ মামুন উদ্দিন ভূঁইয়া বলেন, ফেনীতে সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যার পর তিনি আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য খামারে ১০টি গরু তুলেছিলেন। দুজন কর্মী গরুগুলো দেখাশোনা করেন। গত রাতে তার চুরি হওয়া ৩টি গরুর মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।
খামার মালিক মামুননের দাবি, একটি ট্রাক নিয়ে অন্তত ১৫ জনের ডাকাতদল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। মুখোশ পরা দুজন ডাকাত সোহাগকে কুপিয়ে জখম করে।
এ দিকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, গরুচোরদের হাতে একজন খামারকর্মী মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ওই চোরের দলকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।