দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন অস্কারজয়ী সংগীততারকা এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা। এই তারকার বিচ্ছেদের খবরে অবাক গোটা বিনোদন দুনিয়া।
এক বিবৃতির মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান রহমান-সায়রা। এমতাবস্থায় অনেকের মনে প্রশ্ন, গায়কের কাছ থেকে কোনও খোরপোষ নিচ্ছেন কি সায়রা? আর নিলেও সেটার পরিমাণ কত?
যদি সায়রা বানু খোরপোষ দাবি করেন তাহলে এ আর রহমানের মোট সম্পত্তির অর্ধেক পাবেন তিনি। যদিও অস্কারজয়ী গায়কের থেকে আপাতত কোনও খোরপোষ নিচ্ছেন না সায়রা, এমনটাই জানিয়েছেন তার আইনজীবী। সেই ব্যক্তির কথায়, 'না, এখনও পর্যন্ত তিনি কোনও খোরপোষ নিচ্ছেন না। সেই অবস্থা পর্যন্ত যায়নি গোটা ব্যাপারটা। এই বিচ্ছেদ তাদের দুজনের সম্মতিতে ঘটবে।'
কিন্তু যদি তিনি খোরপোষ নেন সংখ্যাটা কত হবে? ৪৫০ থেকে ১০০০ কোটি টাকার মতো। কারণ ভারতের অন্যতম প্রভাবশালী গায়ক হলেন এ আর রহমান। কেবল তাই নয়, তিনি ভারতীয়দের মধ্যে অন্যতম গায়ক যিনি দেশের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন।
এই গায়ক কত কোটির মালিক সেটাই এদিন ডিএনএ একটি রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। জানা গেছে, তার মূল সম্পত্তি প্রায় ১৭২৮ কোটি থেকে ২০০০ কোটি রুপির মধ্যে। ভারতের সব থেকে ধনী গায়ক তিনি। রহমান প্রতি গান গাইতে ৩ কোটি রুপি করে নেন। প্রতিটি ছবির গান কম্পোজ করতে নেন ১০ কোটি রুপি করে! এছাড়া বিজ্ঞাপন, কনসার্ট, ইত্যাদি তো আছেই।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর এ আর রহমান এবং তার স্ত্রী তাদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার ঠিক একদিনের মাথাতেই ২০ নভেম্বর ডিভোর্সের কথা ঘোষণা করেন গায়কের টিমের বেসিস্ট মোহিনী দে। তখনই অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন, তবে কি গায়ক এবং তার টিমমেটের মধ্যে কোনও সম্পর্ক আছে? এই বিষয়েও আইনজীবী জানিয়েছেন যা রটেছে সবটাই ভুয়া। কেবল গুঞ্জন।