ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক থেকে ছিটকে পড়ে নাদিয়া আক্তার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে গত বুধবার আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে ইজিবাইকের চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয় নাদিয়া। পরে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। শিশু নাদিয়ার বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের হাশের আলগী পূর্বপাড়া গ্রামে। সে ওই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নাদিয়া উচাখিলা ইউনিয়নের জামিয়া ফজলুল উলুম মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো বিকেলে ছুটি শেষে মাদ্রসা থেকে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিল নাদিয়া। পথে চরআলগী সরকার বাড়ি সংলগ্ন রাস্তার একটি বাঁকা মোড় পার হওয়ার সময় ইজিবাইক থেকে ছিটকে পড়ে নাদিয়া। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এ সময় আশপাশের লোকজন নাদিয়াকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে নাদিয়ার মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।