ঢাকায় আসছে মার্কিন শ্রমবিষয়ক প্রতিনিধিদল

বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধি, সেই সঙ্গে অর্থবহ এবং মানসম্পন্ন চাকরির জন্য মার্কিন সরকারের একটি প্রতিনিধিদল আজ শুক্রবার ঢাকা সফরে আসছে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ। এ ছাড়া থাকবেন যুক্তি শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি। আগামী সোমবার পর্যন্ত দলটি অবস্থান করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে। ওই নোটে আরও বলা হয়, প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক খাতের মালিক, শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।

প্রতিনিধিদলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশি^ক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কীভাবে সহায়তা করা যায়; সে বিষয়ে আলোচনা করবে।