নকীব পদক পেলেন দুই গুণী লেখক

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব এবার দুজন গুণী লেখককে পদক প্রদান করেছে। তারা হলেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। গত বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে দুই শতাধিক নবীন-প্রবীণ লেখক উপস্থিত ছিলেন। এ বছর পদক পাওয়া দুই লেখকের বৃত্তান্ত তুলে ধরা হলো।

ড. আ ফ ম খালিদ হোসেন : বহুমাত্রিক প্রতিভাধর আলেম ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তার গুরুত্বপূর্ণ পরিচয় হলেও একাধারে তিনি শিক্ষক, লেখক, গবেষক, সুবক্তা, সংগঠক, একাধিক বই ও পত্রিকার সম্পাদক। তিনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইসলামি বিশ্বকোষ এবং সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। রচনা করেছেন ২০টি গ্রন্থ। মাসিক আত তাওহীদ পত্রিকার সফল সম্পাদকও তিনি। বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধ প্রায় ২০০। তিনি ওমর গনি এম ই এস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

জহির উদ্দিন বাবর : হাওরবিধৌত অঞ্চলে তার জন্ম। হাওরের পানি ও পরিবেশ যেমন প্রকৃতিকে নির্মল করে, জহির উদ্দিন বাবরের লেখা তেমনি পাঠকের মনে নতুন ভাবনার জন্ম দেয়। ফিচার ও গদ্যে যেমন তার হাত পাকা, অনুবাদেও তিনি সৎ। লেখালেখির শুরুতে সাহিত্যের প্রতি তার ধ্যানজ্ঞান, ভাবনা ও বিচরণ ছিল অবাধ। এখন অবশ্য সম্পাদনা ও জীবনমুখী মানুষের কথা তুলে ধরতে বেশি কাজ করছেন। এর পেছনে মন-মননের সব শক্তি সমর্পণ করে দেশব্যাপী ঘুরে ঘুরে তুলে আনছেন রতœভা-ারের ইতিহাস। সাংবাদিকতা করেও পত্র-পত্রিকায় নিজের উপস্থিতি ধরে রেখেছেন। লেখক, অনুবাদক ও সাংবাদিক হিসেবে তিনি সমানভাবেই পরিচিত ও জনপ্রিয়। ব্যক্তি হিসেবে তার ব্যবহার সবাইকে মুগ্ধ করে। জহির উদ্দিন বাবর প্রায় দেড় যুগ ধরে লেখালেখিতে সক্রিয়। মূলধারার গণমাধ্যমে বার্তা বিভাগে কাজ করছেন এক যুগ ধরে। তার জন্ম কিশোরগঞ্জের মিঠামইনে। দাওরায়ে হাদিস জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর থেকে। সাংবাদিকতায় পড়াশোনা করেছেন মাদ্রাসা দারুর রাশাদে। সরকারি কবি নজরুল কলেজ থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছেন। সাংবাদিকতায় ডিপ্লোমা করেছেন সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং এমআরটিতে। পাঁচ বছর শিক্ষকতা করেছেন মাদ্রাসা দারুর রাশাদে। বর্তমানে মূলধারার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি। লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাময়িকী লেখকপত্রের সম্পাদক। তার লিখিত ও অনূদিত বইয়ের সংখ্যা প্রায় ৫০টি। বিভিন্ন দৈনিক, মাসিক ও সাময়িকীতে তার কয়েক হাজার প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রায় একুশ বছর ধরে প্রকাশিত মাসিক নকীব কয়েক বছর ধরে প্রতি বছর গুণী লেখকদের পদক দেওয়ার মাধ্যমে সম্মানিত করে আসছে। এর আগে এই পদক পেয়েছেন কথাসাহিত্যিক এনায়েত রসুল, আহমেদ রিয়াজ, যাইনুল আবিদীন ও ইয়াহইয়া ইউসুফ নদভী। মরণোত্তর এই পদক পেয়েছেন মাওলানা মুহিউদ্দীন খান ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর।

নকীবের সভাপতিম-লীর সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে নকীব পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, বিশিষ্ট লেখক এনায়েত রসুল, আহমেদ রিয়াজ, মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, বার্তা২৪ ডটকমের সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বিশিষ্ট লেখক ও গবেষক আমীমুল ইহসান, মাসিক নকীবের

সাবেক সভাপতিম-লীর সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক

খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান মিরাজ রহমান, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা।