ভিভ রিচার্ডস ও গর্ডন গ্রিনিজের টেস্ট অভিষেকের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে শুক্রবার। তবে তাদের উত্তরসূরিদের আনন্দের মাত্রাটা বাড়তে দেননি তাসকিন আহমেদ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ওয়ানডাউনে নামা কেসি কার্টিকে আউট করেছেন তাসকিন, তাই শুরুর সেশনটায় বাংলাদেশের ওপর চেপে বসতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের শেষ টেস্ট সিরিজের শুরুটা হলো শুক্রবার, অ্যান্টিগায়। টস জিতলেন মেহেদী হাসান মিরাজ, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবর্তমানে নেতৃত্বের ব্যাটন তার হাতেই। টস জিতে মিরাজ নিয়েছেন বোলিং। একাদশে তিন পেসার আর একজন বিশেষজ্ঞ স্পিনার। তাসকিন, হাসান মাহমুদের সঙ্গে শরিফুল ইসলাম আর তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্টের ৪ ইনিংসে ৭ রান করা সাদমান ইসলাম একাদশে জায়গা হারিয়েছেন, জাকির হাসান ফের এসেছেন। এসেছেন শাহাদাত হোসেন দীপুও। প্রথম একঘণ্টা মতো সময়ে উইকেটই পড়েনি, সাবধানেই শুরু করেছিলেন ব্র্যাথওয়েট ও মিকাইল লুইস। প্রায় এক ঘণ্টা খেলা হওয়ার পর ১৩তম ওভারের তৃতীয় বলে ব্রেক থ্রু দেন তাসকিন। আগের বলটা ছিল শর্ট অব লেন্থে, পরেরটা কিছুটা ফুলার লেন্থে। হুট করে ঢুকে পড়া বলটা লাগল পেছনের পায়ের প্যাডে। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন উইন্ডিজ অধিনায়ক, তবে তাতেও বাঁচতে পারেননি।
পরের ওভারে এসে আবারও তাসকিনের সাফল্য। ১৫তম ওভারের পঞ্চম বলে উইকেটে নতুন আসা কেসি কার্টির উইকেট তুলে নেন এই পেসার, কিংবা বলা যায় কার্টিই তাসকিনকে উইকেট উপহার দেন। ৭ বল খেলেও কোনো রান করতে না পারা কেসি হয়তো মরিয়া হয়েই জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছিলেন, কিন্তু গোলমেলে টাইমিংয়ে তাসকিনের বলে মিডঅনে সহজ ক্যাচ তুলে দেন তাইজুলের হাতে। দলীয় ২৫ রানেই জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে কেভম হজ (২৫) রান আউট হলে ভাঙে তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি।
প্রথম দিনের চা বিরতিতে ৫৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান। ব্যাট করছিলেন মিকাইল লুইস ৭১ রানে ও অ্যালিক আথানাজ ১৩ রানে।