বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

কুমিল্লার নাঙ্গলকোটে একই স্থানে যুবদলের কর্মিসভা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০ আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের পেরিয়া বাজারে এ ঘটনা ঘটে। রাতে মোবাশে^র আলম ভূঁইয়ার বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন গফুর ভূঁইয়া গ্রুপের লোকজন।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মো. হাবিব ও জসিম উদ্দিনের নেতৃত্বে গতকাল বিকেল ৩টায় পেরিয়া বাজারে কর্মিসভার আয়োজন করা হয়। একই স্থানে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশে^র আলম ভূঁইয়া গ্রুপের যুবদল সদস্য আবদুল কাদের ও মিলনের নেতৃত্বে কর্মিসভার আয়োজন করা হয়। একই স্থানে দু’গ্রুপের মিটিং হওয়াই আব্দুল গফুর ভূঁইয়া, মোবাশ্বের আলম ভূইয়া ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহম্মেদ বৃহস্পতিবার রাতে পেরিয়া বাজারে বসে সবার সিদ্ধান্তক্রমে শুক্রবার বিকেলের মিটিং স্থগিত করেন। পরে মোবাশে^র আলম ভূঁইয়া গ্রুপের কাদের ও মিলন কর্মিসভার আয়োজন করে মিটিং করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মো. হাবিবকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে যুবদল নেতা মিলন বলেন, ‘উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমরা আগে থেকে পেরিয়া বাজারে প্রোগ্রাম আয়োজন করি। কিন্তু গফুর ভূঁইয়া গ্রুপের লোকজন আমাদের প্রোগ্রামে বাধা দিয়ে গেট ও স্টেজ ভাঙচুর করে। আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক লোক আহত হয়। এখন আমি বাড়িতে যেতে পারছি না। ওই গ্রুপের লোকজন আমার বাড়ি ভাঙচুর করার জন্য আসে।’

এ বিষয়ে গফুর গ্রুপের নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আবু সায়েম আজাদ বলেন, ‘একই স্থানে দুই গ্রুপ মিটিংয়ের আয়োজন করে। আমরা বিএনপির তিন গ্রুপের নেতারা বসে প্রোগ্রাম স্থগিত করি। কিন্তু তা অমান্য করে মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের লোকজন প্রোগ্রাম আয়োজন করে। গফুর ভূঁইয়া গ্রুপের লোকজন গেলে তাদের ওপর হামলা চালায়। এতে ৫-৬ জন আহত হয়। মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।’

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির বলেন, ‘পেরিয়া বাজারে মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের পক্ষ থেকে কর্মিসভা আয়োজন করেন কাদের ও মিলন। সে অনুযায়ী আমরা প্রোগ্রাম শেষ করে যাওয়ার পথে কিছু লোক আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৪-৫ কর্মী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।’

এ বিষয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশে^র আলম ভূঁইয়া বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী পেরিয়া বাজারে আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে ফেরার পথে আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। আপনারা বুঝে নেন কারা হামলা চালাতে পারে। আমি ভদ্র রাজনীতি করি।’

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো অভিযোগ হয়নি।