মতবিনিময়ে ডিএমপি কমিশনার

নগরবাসীর সার্ভিস সেন্টার হবে থানা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবাবঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে। ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় কমিশনার বলেন, থানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। তিনি আরও বলেন, নগরবাসীরা যাতে সহজে, নির্ভয়ে থানায় যেতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর অন্যতম সমস্যা হচ্ছে যানজট। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যবহারে হতে হবে বিনয়ী কিন্তু আইন প্রয়োগে হতে হবে দৃঢ়।