রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেছেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটিয়েছেন। ছাত্রদলের সুনাম ও ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে এমন ন্যক্কারজনক ঘটনায় ছাত্রদলকে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন দলটির মহানগর শাখার নেতারা। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন নগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কালেক্টরেট মাঠ এলাকায় সোহেল রানা হামলার শিকার হন। পরে সোহেল রানা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী তাকে পিটিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ছাত্রদল নেতারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহী শহরে কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি। ওই সময় সব আন্দোলন নিয়ন্ত্রিত হতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাধ্যমে। তবে রাজশাহী কলেজের যেসব শিক্ষার্থী এই আন্দোলনে থেকেছেন তাদের কেউ কেউ নিজেদের রাজশাহীর সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সোহেল রানা তেমন একজন। আগে তিনি জাসদ ছাত্রলীগ করতেন।