কুকুরে কামড়াল ২৭ জনকে টিকা নেই হাসপাতালে

বরগুনার আমতলীতে এক পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২৭ জন। গতকাল শুক্রবার আমতলী পৌর শহরের পল্লবী, এ কে স্কুল ও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে কোনো র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় রোগী ও স্বজনরা পড়েন বিপাকে। ১০ রোগীকে তাদের স্বজনরা নিয়ে গেছেন পটুয়াখালী ও বরগুনা সদর হাসপাতালে। বাকিরা ফার্মেসি থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে প্রয়োগ করছেন। পাশাপাশি সরকারি হাসপাতালে কুকুরের কামড়ের টিকা না থাকায় ক্ষোভও প্রকাশ করেছেন।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের পল্লবী, এ কে স্কুল ও বটতলা এলাকায় গতকাল সকালে পথচারীদের কুকুরে কামড় দেয়। বেলা গড়াতে থাকলে কুকুরের উপদ্রব বৃদ্ধি পায়। ওই দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭ পথচারীকে কুকুর কামড়ে আহত করেছে। আহতের মধ্যে অধিকাংশ শিশু। প্রাথমিকভাবে তাদের উদ্ধার নেওয়া হয় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সেখানে র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় রোগী ও স্বজনদের বিপাকে পড়তে হয়েছে। স্বজনদের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে রোগীকে প্রয়োগ করতে হচ্ছে। অনেক রোগীকে হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুকুরের কামড়ে আহত শংকর চন্দ্র মাতুব্বর বলেন, পৌর শহরের বটতলায় কুকুর আমাকে কামড়িয়ে আহত করেছে। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ফার্মেসি থেকে দেড় হাজার টাকায় ভ্যাকসিন কিনে প্রয়োগ করেছি।

আহত সীমা বলেন, এ কে স্কুল থেকে বাসায় ফিরছিলাম পথে কুকুরে এসে কামড় দেয়। তাৎক্ষণিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। কিন্তু হাসপাতালে ভ্যাকসিন না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পরে দেড় হাজার টাকায় ফার্মেসি থেকে ভ্যাকসিন এনে প্রয়োগ করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খান বলেন, সকালে থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে অনেক রোগীকে হাসপাতালে চিকিৎসা দিয়ে পটুয়াখালী ও বরগুনায় পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং বলেন, হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন আছে কি না আমার জানা নেই। আমি এখনো দায়িত্ব বুঝে পাইনি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি জেনেছি। পাগলা কুকুরের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।