প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘মানবজাতি যা সৃষ্টি করেছে তা সবকিছুই কালচার। তা হতে পারে এক ধরনের দৃশ্যমান বস্তু, হতে পারে কাস্টম, হতে পারে আমাদের কোনো বিশ্বাস। প্রকৃতি প্রদত্ত যা হয় তাই কালচার। আর শিক্ষা মানেই কালচারকে আয়ত্ত করা।’ গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে এর নবম আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ড. সুসান ভাইজ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড মিডিয়া একাডেমির নির্বাহী পরিচালক বিবেশ রায়, উদীচী জেলা সভাপতি ডা. প্রদীপ কর, সাংস্কৃতিক সংগঠক আব্দুর রব মোশাররফ, আল আমিন তনয় প্রমুখ।
আরও উপস্থিত থাকেন, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা, ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মি. হুবার্ট বম, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক উপস্থিত ছিলেন।