গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিন শিক্ষার্থী হলেন, মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। পুলিশ জানিয়েছে, তারা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী এবং টঙ্গী থেকে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন।
জানা গেছে, বিআরটিসির ৬টি দ্বিতল বাসে করে বিশ্ববিদ্যালয়ের ৪৬০ শিক্ষার্থী বার্ষিক বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের দেড় কিলোমিটার আগে তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে একটি আঞ্চলিক সড়কে একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৫-২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।'