আগামীকাল শপথ নেবেন সিইসিসহ ৪ নির্বাচন কমিশনার

নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার আগামীকাল রবিবার শপথ গ্রহণ করবেন। আজ শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘আগামীকাল দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’

গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

অনুসন্ধান (সার্চ) কমিটির প্রস্তাবিত তালিকা থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চার জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন। এখন নিয়োগপ্রাপ্তদের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামীকাল শপথ বাক্য পাঠ করাবেন।