মাছ ধরা পেশাকে আধুনিকায়ন করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকৃতির বিরুদ্ধাচারণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ শনিবার সকালে সিলেট নগরীর সুবিদবাজারস্থ খাঁন প্যালেস কনভেনশন হলে ‘হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডারস কনসাল্টেশন ওয়ার্কশপ’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওরে মাছের গতিপথে অপরিকল্পিত বাঁধ দিয়ে ও রাস্তা নির্মাণ করে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে দেশীয় প্রজাতিগুলোকে ধ্বংস করা হয়েছে। অতি মুনাফাকারীরা ব্যবসার নামে মাছের ক্ষতি করেছে। এ জন্য প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করা অত্যন্ত দরকার। মাছ ধরা পেশাকে আধুনিকায়ন করতে হবে, যাতে তারা সম্মানের সাথে বাঁচতে পারেন।

মাছের প্রজননকালীন মাছ ধরা নিষিদ্ধের বিষয়ে হাওর অঞ্চলে বিলবোর্ড ও রেডিও-টেলিভিশনে এ সংক্রান্ত প্রচারণা চালানো যেতে পারে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, হাওর অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি পর্যটনও এ সময়ে নিষিদ্ধ করতে হবে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওরে মৎস্যসম্পদ রক্ষায় ‘হাওর ম্যনেজমেন্ট এ্যাকশন প্ল্যান’ করে মা মাছ রক্ষা এবং মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তারা হাওরে সঠিক ব্যবস্থাপনার জন্য মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিয়ে আরও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ইজারাভিত্তিক ব্যবস্থাপনার পরিবর্তে মৎস্যজীবীদের দ্বারা হাওর ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা আহ্বান জানান।

আলোচনায় সিলেট বিভাগের সাত জেলার মৎস্যজীবী প্রতিনিধিরা বলেন, মাছের প্রজনন সমস্যা হচ্ছে। অনেক প্রজাতি বিলুপ্তি হয়েছে। আরও প্রজাতি বিলুপ্তির পথে। ফসল রক্ষায় বাঁধের কারণে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। অধিক কীটনাশক ব্যবহার, হাওরের ইজারা প্রথা, সেচ দিয়ে মাছ শিকারসহ বিভিন্ন কারণে হাওরের মাছ হারিয়ে যাচ্ছে। মাছ ডিম কম দিচ্ছে ও সব ডিম থেকে বাচ্চাও ফুটছে না।

মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগ আয়োজিত-মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালের সভাপতিত্বে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান প্রমুখ বক্তব্য রাখেন।