বুমরার বোলিং অ্যাকশন কি অবৈধ?

অবলীলায় ইয়র্কার, ধারাবাহিক লাইন-লেন্থে বোলিং, আর ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে জাসপ্রিত বুমরা। 

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলকে নেতৃত্ব দেওয়ার চাপের মাঝেও তার ভয়ঙ্কর বোলিং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছে দুর্বোধ্য। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েও ভারত ৪৬ রানের লিড নিয়েছে বুমরার অসাধারণ নৈপুণ্যের কারণে। প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার পর আজ অ্যালেক্স ক্যারিকে আউট করে ক্যারিয়ারের ১১তম টেস্টে পাঁচ উইকেট তুলে নেন তিনি। 

তবে এই অসাধারণ পারফরম্যান্সের মাঝেও বুমরার বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক উঠেছে। অস্ট্রেলিয়ার কিছু সমর্থক ও বিশ্লেষক তার অ্যাকশনকে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘এই অ্যাকশন নিয়ে বুমরা কীভাবে বল করার অনুমতি পেলেন? এটা স্পষ্ট চাকিং।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ফক্স ক্রিকেট বুমরার অ্যাকশন স্লো মোশনে দেখিয়েছে। সেখানে তার কনুই অস্বাভাবিক বাঁকা বলে মনে হয়েছে।’ 

তবে ভারতীয় সমর্থকেরা এটিকে দেখছেন ষড়যন্ত্র হিসেবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বোলার ভালো করলেই তাদের বিরুদ্ধে প্রশ্ন তোলার ইতিহাস নতুন নয়। ৯০-এর দশকে মুত্তিয়া মুরালিধরনের বোলিং অ্যাকশন নিয়েও অস্ট্রেলিয়ার আম্পায়ারদের বিরোধিতা বিশ্ব ক্রিকেটে আলোচিত ছিল। 

বুমরার অ্যাকশন অবৈধ নয় কেন? 

বুমরার বোলিং অ্যাকশন নিয়ে যত কথাই হোক, এটি আসলে শরীরবিদ্যার একটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে। তার কনুইয়ের অতিরিক্ত বাঁক ‘হাইপারএক্সটেনশন’ নামে পরিচিত, যা জন্মগত। এটি ‘চাকিং’ নয়। নিয়ম অনুযায়ী, বল ছাড়ার সময় বোলারের কনুই যদি ১৫ ডিগ্রির বেশি বাঁকায়, তবে সেটি অবৈধ। কিন্তু বুমরার ক্ষেত্রে অতিরিক্ত বাঁক শরীরের প্রকৃতি অনুযায়ী বৈধ। 

এই বিষয়টি ব্যাখ্যা করেছিলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট। বুমরার অ্যাকশনের ছবি বিশ্লেষণ করে তিনি বলেছিলেন, ‘এটি অতি প্রসারণের উদাহরণ। তার হাতের কবজি থেকে কনুই পর্যন্ত অংশ স্পষ্টভাবে দেখা যায়। হাইপারমোবিলিটির কারণে বুমরা এই অ্যাকশন সহজেই করতে পারেন।’ 

জাসপ্রিত বুমরা।

বুমরার অ্যাকশনের মতোই পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনের অ্যাকশন নিয়ে বিতর্ক উঠেছিল। তবে পরীক্ষায় বৈধ প্রমাণিত হওয়ার পর তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 

বুমরাকে খেলা কঠিন কেন? 

ডেভিড ওয়ার্নার, যিনি অনেকবার বুমরার মুখোমুখি হয়েছেন, বলেন, ‘বুমরার বল খেলা কঠিন তার অপ্রচলিত অ্যাকশনের কারণে। আপনি যদি আগে কখনো তার বল খেলেননি, তবে এটি খুবই চ্যালেঞ্জিং।’ 

বুমরা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্ক হয়ে উঠলেও তার বোলিং অ্যাকশন এখনো বৈধ এবং আইসিসির নিয়ম মেনেই তিনি তার খেলাটি চালিয়ে যাচ্ছেন।