কুমিল্লার তিতাসে ৫ মাস আগে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বৃদ্ধা মরিয়ম বেগম (৬৫)। শনিবার (২৩ নভেম্বর) উপজেলার চরকুমারীয়া গ্রামে সেই এলাকার ফসলি জমিতে উদ্ধার করা হয়েছে কঙ্কালের অংশবিশেষ।
স্থানীয়দের ধারণা, কঙ্কালের এ অংশবিশেষ নিখোঁজ বৃদ্ধা মরিয়ম বেগমের। তিনি চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী। নিঃসন্তান এ নারী মামার বাড়িতে থেকে ছাগল পালন করতেন। গত ৫ আগস্ট ছাগলের ঘাস কাটতে গিয়ে তিনি আর বাড়ি ফিরেননি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার চরকুমারীয়া গ্রামের কৃষক কামাল হোসেন জমি পরিষ্কার করতে এসে জমিতে মাথার খুলি, হাত, পায়ের ও বুকের পাজরের হাড়ের অংশবিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন।
এলাকাবাসী কঙ্কালের নীচে পড়ে থাকা মৃতের পরনের সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি মরিয়মের বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।
কৃষক কামাল হোসেন বলেন, জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখি মানুষের কঙ্কাল। পরে লোকজনকে খবর দিলে তারা কঙ্কালের মানুষটিকে শনাক্ত করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়।
তিতাস থানার ওসি মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে ডিএনএ পরীক্ষা করানোর জন্য কঙ্কালের বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন এলে বুঝা যাবে মৃত্যুর কারণ।