রাজধানীর তেজগাঁওয়ে তামান্না আক্তার (২৪) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত তামান্নার স্বামী মো. জুয়েল জানান, তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামে। তামান্নার বাবার নাম মন্টু মিয়া। বর্তমানে তেজগাঁও তেজকুনিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
তিনি জানান, শুক্রবার বাবার বাড়ি যাওয়ার কথা বলেছিল তামান্না। কিন্তু এখন তাকে গ্রামে যেতে নিষেধ করা হয়। এ বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তামান্নার ব্যাগে ১২ হাজার টাকা পাওয়া যায়। আমাকে জিজ্ঞেস না করে এত টাকা নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিল সে। এসব কথা বলায় সে মনক্ষুন্ন হয়। দুপুরের দিকে কাজ থেকে বাসায় ফিরে দেখি তামান্না অসুস্থ। জিজ্ঞেস করায় সে নিজেই স্বীকার করে কীটনাশক পান করেছে সে। সাথে সাথে তাকে স্থানীয় ইমপালস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।