ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো পরিস্থিতিতে আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই।
গতকাল শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদবির কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নবনিযুক্ত এই কমিশনার।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের সবাইকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ হচ্ছে সরকারের সবচেয়ে দৃশ্যমান সংস্থা। একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা এদেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সব পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হতে ও তাদের সুবিধা-অসুবিধা এবং নানা বিষয়ে পরামর্শ শুনতে এ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ও পরামর্শ ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন।