‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটেছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। তবে অভিনয়ে পা রাখার আগে থেকেই আলোচনায় তিনি। বলিউডের আর এক তারকা-সন্তান সুহানা খানের সঙ্গে তার নাম জড়িয়েছে একাধিকবার। বলিপাড়ায় বহু দিন ধরেই গুঞ্জন, অগস্ত্য ও সুহানা নাকি সম্পর্কে রয়েছেন। তবে কেউই এই বিষয়ে এখনও মুখ খোলেননি।
এদিকে সদ্যই চব্বিশে পা রাখলেন অগস্ত্য। তার জন্মদিনেই কি পরোক্ষভাবে গুঞ্জনে সিলমোহর দিলেন সুহানা?
ইনস্টাগ্রাম স্টোরিতে অগস্ত্যের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন সুহানা। শাহরুখ-কন্যা মজার ছলে কান ধরে রয়েছেন অগস্ত্যের। খুনসুটির মাঝেও দু’জনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এই ছবিতে। যদিও প্রেম নিয়ে বরাবরই মুখে কুলুপ তাদের। তবে বিভিন্ন অনুষ্ঠানে একই সঙ্গে দেখা যায় এই চর্চিত যুগলকে। কিছু দিন আগেই দীপাবলিতে এক অনুষ্ঠানে নজর কেড়েছিলেন একসঙ্গে।
জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির শুটিং থেকে অগস্ত্য ও সুহানার সম্পর্কের জল্পনা ঘনীভূত হয়। গত বছর একসঙ্গে তারা ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও শোনা যায়। অমিতাভ বচ্চনের ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও একটি পর্বে একসঙ্গে গিয়েছিলেন তারা।
সুহানা ও অগস্ত্যের সম্পর্ক নিয়ে তাদেরই এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “অবশ্যই তাদের নিয়ে কৌতূহল থাকবে সকলের। তাই নানা রকম গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক। এতে আমার আলাদা করে কিছু মনে হয় না। তবে সুহানা আর অগস্ত্য সত্যিই কি সম্পর্কে রয়েছে? তাদের দেখে কিন্তু বোঝার উপায় নেই। তাই আমারও একটু সন্দেহ রয়েছে।”