ফিলিপাইন

প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট সারা দুর্তে। তার দাবি, তাকে হত্যার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এ কারণে তিনিও প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করে রেখেছেন। 

এমন বিষ্ময়কর হুমকি দিয়ে ভাইস-প্রেসিডেন্ট সারা দুর্তে বলেন, আমি ভাড়াটে গুপ্তঘাতকের সঙ্গে যোগাযোগ করেছি। যদি আমাকে কখনো হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট, তার স্ত্রী-সন্তান এবং সংসদের স্পিকারকে ওই ঘাতক হত্যা করবে। আমি এটি মজা করে বলছি না।

শনিবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভাইস প্রেসিডেন্টের এমন হুমকির পর প্রেসিডেন্টের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক্সিকিউটিভ সেক্রেটারি লুকাস বারসামিন। 

তিনি বলেছেন, এমন সক্রিয় হুমকির পর চৌকস প্রেসিডেন্ট গার্ডকে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়ায় ভাইস-প্রেসিডেন্টের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখনও জানা যায়নি।