চট্টগ্রামে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি মোস্তাফিজুর রহমান বাবু (২৬) আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। দণ্ডিত বাবু ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকার বাসিন্দা। রায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।
সূত্রটি জানায়, ২০১৯ সালের অক্টোবর মাসে নগরের পাঁচলাইশ থানার মাদরাসাতুল মদিনা মাদ্রাসায় হেফজ বিভাগের দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন বাবু। তিনি ওই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর বাবা আসামি বাবুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষককেও অভিযুক্ত করেন ভিকটিম শিক্ষার্থীর বাবা।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নির্দোষ প্রমাণিত হওয়ায় মাদ্রসার দুই শিক্ষককে খালাস দিয়েছেন আদালত।