চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইট বোঝাই ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওষুধ কোম্পানি বায়োফার্মার এলাকা ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহত মো. বোরহান উদ্দিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মুন্সিমোরা গ্রামে। আহত সোনালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিনের বাড়িও পেকুয়া উপজেলার ভারুয়াখালী গ্রামে। আহতদের চকরিয়া জমজম হসপিটালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয় এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. গিয়াস উদ্দিনও রয়েছেন। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তন্মধ্যে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় পতিত ইট বোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।