নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে ইউনিয়ন বিএনপি নেতার নাম না দেওয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা সোমবার। এ উপলক্ষ্যে রবিবার সকাল থেকে ফাইনাল খেলার অনুষ্ঠানের মঞ্চ তৈরি শুরু হয়। এতে প্রধান অতিথি করা হয় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে।
এদিন দুপুরের দিকে মঞ্চে ব্যানার টানানো হয়। সেই ব্যানারে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম না থাকাকে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আমির হোসেনের অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলেন। এ খবর মাসুম শিকারী অনুসারীদের মধ্যে পৌঁছালে বিকেল তিনটার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমির হোসেনের বাড়িতে হামলা করে।
এক পর্যায়ে আমির হোসেনের অনুসারীরা পাল্টা হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫), হাবিবুর রহমান (৪০), কাউসার মিয়াসহ (২৬) অন্তত ৮ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর জখম হওয়ায় মাসুদ মিয়া ও সাব্বির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনও পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।