শেকৃবির সব হলে একযোগে ইন্টারনেট সংযোগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলে একযোগে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নবাব সিরাজ-উদ-দৌলা হলে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ হলটিতে ইন্টারনেট সংযোগ প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন।
 
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্তি পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল আলম সঞ্চালনায় অনুষ্ঠানটি সূচনা করা হয়। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পচিালক প্রফেসর ড. মো. ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. এ কে এম রুহুল আমিন, সাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুজ্জামান ও ৭টি হলের প্রভোস্টবৃন্দ। 
 
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার শিক্ষার্থীদের ইন্টারনেট শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করার উপদেশ দেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার যেন এ বিশ্ববিদ্যালয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেকৃবির উপাচার্য বলেন, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরই শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম যে তাদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করব। সে প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা হলো। আগামীতে পর্যায়ক্রমে হলের প্রতিটি কক্ষ ও শ্রেণিকক্ষে ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে।