দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছেন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
গুম কমিশন প্রধানের বরাত দিয়ে রবিবার (নভেম্বর ২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি। বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে।
গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি বলে জানান তিনি।
কমিশন প্রধান বলেন, আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে- তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর। আমরা আশা করি টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে।