তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে এই সংঘর্ষের ঘটে।

জানা যায়, বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী নিয়ে এ সংঘর্ষের শুরু হয় তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার। তিনি বলেন, হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় তিনি আর বিস্তারিত কিছু বলতে পারেননি।

এদিকে এই সংঘর্ষের ঘটনায় আহত বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। তবে তাদের অবস্থা আশঙ্কা জনক নয় বলে একটি সূত্র জানিয়েছে।