কলকাতায় অভিষেকের অপেক্ষায় ‘বড় ছেলে’

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রীতম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ নামে সেই সিনেমার লুক পোস্টার ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তাতে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আর এর মাধ্যমে শাকিব খান, জয়া আহসানদের পরে ওপারে অভিষেক হতে যাচ্ছে ঢাকার ‘বড় ছেলে’র।

এর আগে গেল অক্টোবরে ‘চালচিত্র’ সিনেমাটির টিজার প্রকাশ হয়েছিল। মাত্র ৪০ সেকেন্ডের টিজারে দেখা গিয়েছিল টানটান উত্তেজনা। ধারণা করা যাচ্ছিল, সিনেমা জুড়ে রয়েছে ভরপুর লুকোচুরির খেলা। এতে টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে আলাদাভাবে নজর কেড়েছিলেন ঢাকার নায়ক।

রবিবার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের পেজ থেকে অপূর্বর লুক পোস্টার উন্মোচন করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ এতে করে বোঝাই যাচ্ছে, হয়তো ‘চালচিত্র’র কিস্তিমাত অপূর্বই করেছেন! প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, অপূর্বর মুখভর্তি খোঁচা দাড়ি। ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। তার ডান চোখের ওপরটা থেঁতলে গেছে। লুক পোস্টার প্রকাশের পর দর্শকদের বিভিন্ন রকম মন্তব্য চোখে পড়েছেন। জয়া ভৌমিক লিখেছেন, অপূর্বকে দারুণ লাগছে। শারমিন আক্তার লিখেছেন, পোস্টারে দেখে রহস্যময় মানবের মতো লাগছে। অদিতি সরকার লিখেছেন, আর যেন অপেক্ষা করতে পারছি না! কবে যে সিনেমাটা দেখব সেই অপেক্ষায় আছি। এই সিনেমার মধ্য দিয়ে প্রায় আট বছর পর সিনেমায় ফিরলেন টেলিভিশনের এই শীর্ষ তারকা। এর মধ্যে বহু সিনেমার প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন। কারণ গল্প কিংবা প্রোডাকশন প্ল্যান কোনোকিছুই তাকে মুগ্ধ করতে পারেনি।

‘চালচিত্র’ সিনেমাটি করতে রাজি হওয়া এবং এতটা সময় নেওয়ার কারণ প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেছিলেন, এটা সত্যি, অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি কিন্তু ব্যাটে-বলে মিলছিল না কোনোকিছু। মনের মতো একটা সুন্দর গল্প কিংবা টিম পাচ্ছিলাম না, যার কারণে সময় লেগেছে। এই ছবিটা করতে রাজি হওয়ার কারণ অবশ্যই এর গল্প। একদমই ভিন্ন। গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে।

তিনি আরও বলেছিলেন, দারুণ একটা টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।

সিনেমায় এখন নিয়মিত পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে অপূর্বের ভাষ্য, সিনেমায় নিয়মিত হচ্ছি কি না, এখনই বলতে পারছি না। সিনেমা, ওটিটি এবং নাটকের কয়েকটা কাজই চূড়ান্ত হয়ে আছে। একটা একটা করে সেগুলোর আপডেট হয়তো সামনে আসবে। আমার কাজ শুধু অভিনয় করা আর আমি সেটাই করার চেষ্টা করছি। এদিকে অপূর্ব এখন ব্যস্ত রয়েছেন ভালোবাসা দিবসের বিভিন্ন প্রজেক্ট নিয়ে। তার হাতে রয়েছে একাধিক নাটক এবং ওটিটির প্রজেক্ট। নতুন বছরের ভালোবাসা দিবসে তাকে নাটকের পাশাপাশি ওটিটিতেও দেখা যেতে পারে।