মুগ্ধ জেমস

সৌদি সরকারের আমন্ত্রণে ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে প্রথমবার দেশটিতে গাইতে গেলেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। বাঙালি রকস্টারের গান শুনতে রিয়াদের আল-সুওয়াইদি পার্ক হয়ে উঠে কানায় কানায় পূর্ণ। আয়োজনে অংশ নিয়ে জেমস নিজেও মুগ্ধ। মঞ্চে পারফরমের পর তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। তিনি জানান, সৌদিতে আগামীতেও সুযোগ পেলে অবশ্যই ছুটে আসবেন! এ সময় জেমস বলেন, ‘সৌদি আরবে আমি প্রথম এসেছি। আমি আশা করিনি যে এত সুন্দর আয়োজন, এত দর্শক এখানে আছে। রিয়াদে এসে আমি সত্যিই মুগ্ধ।’

তিনি আরও বলেন, ‘রেমিটেন্সযোদ্ধারা অনেক কষ্ট করেন। কর্মমুখর জীবনে তাদের যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম। সেই সঙ্গে সংগীতের মাধ্যমে তাদের সঙ্গে যে মেলবন্ধন, তারা এনজয় করল আশা করি তারা দেশের জন্য সামনে আরও কাজ করবে ইনশাল্লাহ।’

রিয়াদ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর। ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এবার এতে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।