ঋণের প্রলোভনে টাঙ্গাইল থেকে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয় কালো রংয়ের একটি হায়েছ গাড়ি। 

আটকৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজা। 

জানা যায়, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে আজ সোমবার সকালে ঢাকায় যাচ্ছিল। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত কালো রংয়ের একটি হায়েছ গাড়ি।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে প্রতারণার অভিযোগে সংগঠনটির দুইজন নারী সদস্য সিমু ও শিল্পিকে ভূঞাপুর পৌরসভার বেতুয়া পলিশা এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়। পরের দিনই তারা জামিনে মুক্ত হয়। আজ সোমবার ঢাকার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও মিটিং করার জন্য লোকজন সংগ্রহের কাজ করছিল দলটি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।