আইপিএলের মেগা নিলামে বড় চমক হয়ে এলো সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের দল না পাওয়া। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থাকা সত্ত্বেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখায়নি। একই পরিণতি হয়েছে নিউজিল্যান্ডের আরেক ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের। দুই তারকার দলহীন থাকা ক্রিকেট বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অন্যদিকে স্যাম কারেনের দাম নিয়ে দেখা গেল বড় পরিবর্তন। ২০২৩ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি হওয়া এই ইংলিশ অলরাউন্ডারকে এবার চেন্নাই সুপার কিংস পেয়েছে মাত্র ২ কোটি ৪০ লাখ রুপিতে। কারানের দামে এই পতন ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশল পরিবর্তনের ইঙ্গিত দেয়।
নিলামের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ছিলেন আলোচনায়। মুম্বাই, পাঞ্জাব ও গুজরাটের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর ৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত নিলামের দ্বিতীয় দিনের সবচেয়ে দামী খেলোয়াড় তিনিই।
ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ১ কোটি ৫০ লাখ রুপিতে গেছেন কলকাতা নাইট রাইডার্সে। ফাফ ডু প্লেসি ২ কোটিতে বিক্রি হয়েছেন দিল্লি ক্যাপিটালসে। তবে ভারতের আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল এবং পৃথ্বী শ শূন্য হাতে ফিরেছেন।
ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নিতে গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে দারুণ প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সুন্দরকে দলে নিয়েছে গুজরাট। আর ক্রুনাল পান্ডিয়া ৫ কোটি ৭৫ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে চাপিয়েছেন।
এবারের নিলামের ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়ের কৌশল আগের বছরের তুলনায় বেশ ভিন্ন। অভিজ্ঞদের তুলনায় তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তবে কেন উইলিয়ামসনের মতো অভিজ্ঞ তারকার দল না পাওয়া অনেকের জন্যই বিস্ময়।