বিগ ব্যাশে এক ম্যাচ খেলার ছাড়পত্র পেলেন রিশাদ!

অভিষেকের পর থেকেই দ্যুতি ছড়াচ্ছেন রিশাদ হোসেন। টি-টোয়েন্টিতে মাত্র ২৬ ইনিংসেই তার উইকেটসংখ্যা ৩২। সবশেষ সীমিত ওভারের বিশ্বকাপেও বাংলাদেশের জার্সিতে নজর কেড়েছেন তিনি। তার নিয়ে চাহিদা জেগেছে বিদেশী ফ্র্যাঞ্চাইজিগুলোরও। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেনের হয়ে। সেজন্য তাকে ছাড়পত্রও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিনি বিগ ব্যাশে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন। কিন্তু সমস্যাটা বেধেছে অন্য জায়গায়। কারণ ঐ সময়ে আবার বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যে টাইগাররা আছে অ্যান্টিগায়। টেস্ট শেষে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। এই সফরের শেষ হবে টি-টোয়েন্টি দিয়েই। যার শেষ ম্যাচটি আগামী ২০ ডিসেম্বর।

অন্যদিকে হোবার্ট বিগ ব্যাশে তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৯ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ২১ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ২৭ ডিসেম্বর। আর তাই  প্রশ্ন উঠছে, রিশাদ কি তবে উইন্ডিজ সফরে বাংলাদেশের হয়ে খেলবেন না? নাকি তিনি সিরিজ শেষ করে তারপর যাবেন অস্ট্রেলিয়ায়।

এই বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপরাশেনস ইনচার্জ শাহরিয়ার নাফিস দেশ রূপান্তরকে দিলেন আরেক তথ্য। ১৫ থেকে নয় ২০ ডিসেম্বর থেকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে যখন রিশাদের নাম উঠেছিল, তখনই আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সে অ্যাভেইলেবল থাকবে। চাইলে সে খেলতে পারবে। তবে এখন সেটা দুই দিন বাড়িয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।’

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক ও বিসিবির কর্মকর্তার এটা স্পষ্ট রিশাদ উইন্ডিজ সফরে খেলবেন। সেই ম্যাচ শেষ করেই তিনি ধরবেন অস্ট্রেলিয়ার বিমান। নিশ্চিতভাবেই তিনি খেলতে পারছেন না দলটির হয়ে প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচ ২১ ডিসেম্বর। ২০ তারিখ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া পৌঁছে ভ্রমণ ক্লান্তিতে সেই ম্যাচেও নামার সম্ভাবনা কম। তাই বাকি থাকে শুধু ২৭ ডিসেম্বরের ম্যাচ।

তাহলে কি রিশাদ বিগ ব্যাশের এক ম্যাচ খেলার জন্যই অস্ট্রেলিয়া যাবেন? শাহরিয়ার নাফিসের জবাব অন্তত সেটাই বলছে।