রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এলো ভিনিসিয়ুস জুনিয়রের চোট। স্প্যানিশ ক্লাবটি আজ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। রিয়ালের মেডিকেল দলের পরীক্ষায় নিশ্চিত হয়েছে, ভিনিসিয়ুসের বাঁ ঊরুর পেশিতে চোট লেগেছে। এ কারণে চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়ুসকে পাওয়া নিয়ে শঙ্কায় রিয়াল।
রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়ালের মেডিকেল সার্ভিসের পরীক্ষায় আজ আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে।’
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়ুসকে। যদি এ শঙ্কা সত্যি হয়, তাহলে লিভারপুলের বিপক্ষে ম্যাচ ছাড়াও আগামী ১০ ডিসেম্বর আতালান্তার বিপক্ষে ম্যাচে অনুপস্থিত থাকবেন তিনি।
লা লিগায় রোববার রাতে লেগানেসের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ভিনিসিয়ুস। ম্যাচে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোলের মূল কৃতিত্বও ছিল তার। তবে ম্যাচ শেষে ড্রেসিংরুমে অস্বস্তি অনুভব করেন ভিনি। এর পর আজ সকালে রিয়ালের মেডিকেল দল পরীক্ষা করে তার চোট নিশ্চিত করে।
ভিনিসিয়ুসের জন্য এই চোট নতুন নয়। গত মৌসুমেও একই ধরনের চোটে দুবার মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এবারও এক মাসের জন্য ছিটকে গেলে লা লিগায় ১ ডিসেম্বর হেতাফে, ৫ ডিসেম্বর অ্যাথলেটিক বিলবাও, ৮ ডিসেম্বর জিরোনা এবং ১৫ ডিসেম্বর রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।
চোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ভিনিসিয়ুস লেখেন, ‘পাগলাটে সূচি... সুস্থ হতে।’
এ মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত খেলছিলেন ভিনিসিয়ুস। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১২ গোল করেছেন তিনি, যা মাদ্রিদের ক্লাবটির হয়ে সর্বোচ্চ। তার চোটে রিয়ালের আক্রমণভাগের শক্তি নিশ্চিতভাবেই কমে যাবে।