ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের রিমার্ক-হারল্যানের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা। এবার এই প্রতিষ্ঠানে যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাকিব খান নিজে উপস্থিত থেকে তাহসানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় শাকিব খান বলেন, ‘তাহসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। রিমার্ক-হারল্যান বিশ্বাস করে তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথচলা কোম্পানির সাফল্যকে বৃদ্ধি করবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন, ‘রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ (গতকাল) অফিশিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সঙ্গে। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সঙ্গে যোগ দিয়ে। শিগগিরই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার-প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।’
তিনি আরও বলেন, ‘শাকিব খান ও আমার মধ্যে অনেক মিল আছে। আমার জন্ম হয়েছিল যে সালে শাকিব খানেরও জন্ম একই সালে। আজ থেকে ২৫ বছর আগে অর্থাৎ ১৯৯৯ সালে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায়, ঠিক সে বছরই আমার ব্যান্ড ব্ল্যাক আত্মপ্রকাশ করে। প্রায় ২৫ বছর ধরেই কিন্তু আমরা দুজন দর্শক-শ্রোতার ভালোবাসা পাচ্ছি। এত বছর পর আমরা এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম।’
এর আগে শাকিবের এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন পরীমণি, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, তানজিন তিশা, সাবিলা নূর, দীঘি, পূজা চেরীর মতো তারকারা।