আজও থমথমে পরিস্থিতি মোল্লা কলেজে

রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আজও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক থাকলেও সেখানে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। 

আজ মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও সাঁজোয়া যান।

পুলিশ জানায়, গতকাল সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। গতকালের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

এদিকে, ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’