উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবি

আঞ্চলিক বৈষম্য দূরীকরণে বর্তমান অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর এই দাবি জানিয়েছে বৃহত্তর রাজশাহী সমিতি নামক একটি সংগঠন।

সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, উত্তরবঙ্গের ১৬টি জেলা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে অনগ্রসর। কৃষিপ্রধান এই অঞ্চলটি দেশের খাদ্য উৎপাদনের প্রধান জেলা হলেও বিভিন্ন সময় শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে উন্নয়নের মূল ধারায় উঠে আসতে পারেনি। কিন্তু দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে উত্তরবঙ্গের উন্নয়ন অপরিহার্য। আর এরজন্য সরকার ব্যবস্থায় উত্তরবঙ্গ থেকে যথাযথ জনপ্রতিনিধি নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই আগস্ট আন্দোলনের মূল লক্ষ্য হল বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। বর্তমান উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের ১৬টি জেলার ৪ কোটি মানুষের কোন প্রতিনিধি না থাকায় আঞ্চলিক বৈষম্যের সৃষ্টি হয়েছে।

বলা হয়, স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের প্রতীক নূর হোসেনের মত জুলাই আগস্ট আন্দোলনের প্রতীক আবু সাইদের বাড়ি উত্তরবঙ্গ হওয়া সত্ত্বেও এই অঞ্চল থেকে কোন প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়নি। এই আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যকে ত্বরান্বিত করবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে উত্তরবঙ্গ থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির জন্য প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানানো হয়।