যমুনায় দেশের বৃহৎ রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে পরীক্ষামূলক একটি ট্রেন টাঙ্গাইলের ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে আসে।

তবে এর আগে সোমবার বিকেলে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ট্রেন চলার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার পর একই সঙ্গে নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা। পরীক্ষামূলক চলাচলে বিভিন্ন গতিতে ট্রেন চলানো হয় সেতু দিয়ে। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোন ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি।

সেতুটির কাজ পুরোপুরি শেষ জানিয়ে তিনি আরও বলেন, ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আজ পরীক্ষামূলক ট্রেন চলার সময় রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, সেতুটির ওপরে রেললাইন স্থাপন শেষ হয়েছে। প্রতিটি স্প্যানের ওপর জাপানিদের অত্যাধুনিক প্রযুক্তির রেললাইন বসানো হয়েছে। ফলে সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।

রেলওয়ে সূত্র মোতাবেক এই রেলওয়ে সেতু উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন হবে। রেলসেতুটি দিয়ে আন্তদেশীয় যাত্রী ও মালবাহী ট্রেন রাজধানীর সঙ্গে সরাসরি চলাচল করতে পারবে।