সাঈমের প্রথম সেঞ্চুরিতে ১০ উইকেটে জিতল পাকিস্তান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান ডিএল মেথডে ৮০ রানে হেরেছিল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াল পাকিস্তান। সাঈম আইয়ুবের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান ম্যাচ জিতেছে ১০ উইকেটে।

বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে অলআউট হয় ১৪৫ রানে। আবরার আহমেদ নেন ৩৩ রানে ৪ উইকেট। এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে আবরারের।

জবাব দিনে নেমে সাঈম ৬২ বলে ১১৩ এবং আব্দুল্লাহ শফিক ৪৮ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। পাকিস্তান ম্যাচটি জিতেছে ১৯০ বল হাতে রেখে।

সাঈম মাত্র ৫৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়ানডেতে যা পাকিস্তানি কোন খেলোয়াড়ের যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তাতে শহিন আফ্রিদির পাশে বসেছেন সাইম। জিম্বাবুয়ের বিপক্ষে সাঈমের ইনিংসে ১৭ চার ও ৩ ছক্কা।

তার আগে জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন ডইন মায়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে।

সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে ২০৫ রানে অলআউট হয়েছিল। পাকিস্তান ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। এরপর আর খেলা মাঠে না গড়ালে ডিএল মেথডে জয় পায় জিম্বাবুয়ে।

সিরিজে এখন ১-১ সমতা। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই মাঠে হবে বৃহস্পতিবার।